কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় গ্রামীণ হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের প্রকল্পের সুবিধাভোগী রাহেলা বেগম (৬০) নামে এক ভিক্ষুকের কাছ থেকে ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মোস্তাফা বেগম নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, মোস্তাফা বেগম প্রকল্পের সুবিধাভোগী ভিক্ষুক রাহেলা বেগমকে বরাদ্দ ঘর বুঝে পেতে তাকে টাকা দিতে হবে এ কথা বলে ১৭ হাজার টাকা হাতিয়ে নেন। পরে ঘর বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় রাহেলা বেগম তার অফিসে লিখিত অভিযোগ দিলে তিনি বিষয়টি জানতে পারেন।
অভিযোগ পাওয়ার পর তিনি গত শনিবার এলাকা পরির্দশনে যান এবং অভিযোগের সত্যতা খুঁজে পেয়ে ওই ইউপি সদস্যকে আটক করেন।
পরে রাতেই ওই ইউনিয়ন পরিষদের সচিব মো. মুশিউজ্জামান মোস্তাফা বেগমের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠায় পুলিশ।