মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সালিশি বৈঠকে এক ইউপি সদস্যের বিরুদ্ধে বাবাসহ মাদ্রাসা শিক্ষিকাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদি গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষিকা শারমিন আক্তার খাদিজা ও তার বাবা মো. আজিজুল হককে মারধর করার এ অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় গতকাল রবিবার সকালে আছিয়া খাতুন মহিলা মাদ্রাসার ওই শিক্ষিকা সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।
শিক্ষিকা শারমিন আক্তার খাদিজা জানান, একটি পুকুরের মালিকানা নিয়ে উপজেলার শিয়ালদী গ্রামের মৃত আরজ আলী দেওয়ানের ছেলে জাবেদ দেওয়ানের সঙ্গে তার বাবা আজিজুল হকের বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার রাতে গ্রামের আবদুল জব্বারের বাড়িতে উভয় পক্ষকে নিয়ে সালিশি বৈঠকের একপর্যায়ে ওই ইউপি সদস্য তার বাবাকে মারধর শুরু করেন। এতে বাবাকে রক্ষায় তিনি এগিয়ে গেলে তাকেও মারধর করেন।