নেতাকর্মীদের মির্জা আব্বাস

ত্রাণের ছবি তুলে ফেইসবুকে নয়

দুস্থ অসহায় মানুষদের ত্রাণ দেওয়ার সময় ছবি তুলতে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘এখন ফটোসেশনের সময় নয়।’ গতকাল রবিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন তার ঘনিষ্ঠ স্থানীয় বিএনপি নেতারা। এ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস দেশ রূপান্তরকে বলেন, ‘আমার নির্বাচনী এলাকার অসহায়, দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়ানো আমার দায়িত্ব।

তাই আমি সাধ্যমতো সাহায্য করছি। তবে এ নিয়ে কোনো প্রচার আমি চাই না।’ বিএনপি নেতারা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে সবকিছু বন্ধ থাকায় বিপদে পড়েছে দুস্থ ও অসহায় মানুষগুলো।

এ অবস্থায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মির্জা আব্বাস ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস নিজস্ব উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন নীরবে-নিভৃতে। দলের স্থানীয় নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ তুলে দিচ্ছেন অসহায় মানুষের হাতে।