দিনাজপুরের সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দেড় বছরের একটি শিশুও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস। শিশুসহ দিনাজপুরে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১১ জনে। গতকাল রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনাভাইরাস পরীক্ষার ফলাফলে ওই শিশুর করোনা শনাক্ত হয়। ওই শিশুর বাবা-মা দুজনই নারায়ণগঞ্জে গার্মেন্ট শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে শিশুসহ তার বাবা-মা সবাই সুস্থ আছে বলে জানা গেছে। তারা সবাই বর্তমানে বাড়িতেই নিবিড় পর্যবেক্ষণে আছে।
দিনাজপুর সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস বলেন, ‘গত কয়েক দিন আগে ওই শিশুর বাবা এবং মায়ের করোনা শনাক্ত করা হয়। আজকে (গতকাল রবিবার) ওই শিশুটির করোনা শনাক্ত করা হয়েছে। তবে বর্তমানে তারা সবাই সুস্থ আছে। তাদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।’ দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘দিনাজপুরে মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। আমরা তাদের বাড়িতে রেখেই প্রাথমিক চিকিৎসার পরামর্শ ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। তাদের কখন কী লাগবে না লাগবে এসব বিষয়ে খোঁজখবর রাখছি। বর্তমানে যারা করোনায় আক্রান্ত হয়েছে সবাই সুস্থ আছে। কেউ আতঙ্কিত না হয়ে বরং সবাইকে সচেতন ও ঘরে থাকার আহ্বান জানান জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।’