বরিশাল জেলায় নতুন করে আরও তিন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ও দুজন ইন্টার্ন চিকিৎসক। মেডিসিন বিভাগের ওই চিকিৎসক এর আগে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করেছেন। এ নিয়ে বরিশালে মোট ২০ জনের দেহে করোনা শনাক্ত হলো। গত ১২ এপ্রিল প্রথমবারের মতো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় দুজন রোগীর দেহে করোনা শনাক্ত হয়। গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ৮ জন, গৌরনদী উপজেলা ৩ জন, বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলায় একজন করে এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একজন নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থীসহ মোট ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। সবশেষ গত শনিবার রাতে নমুনা পরীক্ষায় একজন চিকিৎসক এবং দুজন শিক্ষানবিস (ইন্টার্ন) চিকিৎসকের দেহে করোনা শনাক্ত হয়।