আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র ল্যাব টেকনিশিয়ান ছুটিতে। ফলে করোনাভাইরাসের নমুনা সংগ্রহে দেখা দেয় জটিলতা। এ অবস্থায় হাসপাতালটির অন্য কেউ দায়িত্বটি নিতে না চাইলেও এগিয়ে এসেছেন অফিস সহায়ক মো. নাসির উদ্দিন নয়ন। চলতি মাসের ১০ তারিখ থেকে কাজটি করে যাচ্ছেন তিনি। নাসির উদ্দিন জানান, ল্যাব টেকনিশিয়ান হঠাৎ করে ছুটিতে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকটা স্থবির হয়ে পড়েছিল করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কাজ। ওই সময়ে তিনি সাহস করে কাজটির দায়িত্ব নেন। মেডিকেল অফিসার ডা. রুহুল মোহছেন সুজন ও হেলথ ইন্সপেক্টর মোশারফ হোসেনের সহায়তায় এ পর্যন্ত প্রায় ৮০টি নমুনা সংগ্রহ করেছেন তিনি। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান এর সত্যতা স্বীকার করে বলেন, ল্যাব টেকনিশিয়ানকে অন্য কাজে লাগানো হয়েছে।