ই-প্রিমিয়ার লিগ ফুটবল

করোনাভাইরাসে নাকাল যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) অর্থ সহায়তার জন্য আজ থেকে আয়োজিত হচ্ছে ই-প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট। অর্থাৎ ভিডিও গেইমে ইংলিশ প্রিমিয়ার লিগ।

তাতে অংশগ্রহণের জন্য এবং নিজ ক্লাবের প্রতিনিধিত্ব করতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন রহিম স্টার্লিং, ট্রেন্ট আলেকজান্ডের-আর্নোল্ডসহ আরও অনেকে। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে ঘরে বসে ‘ফিফা ২০’ গেইম খেলবেন চুক্তিবদ্ধরা। ২০-২৫ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্ট হবে নকআউট পদ্ধতিতে। শনিবার পর্যন্ত চুক্তি হয়েছে ম্যানচেস্টার সিটির স্টার্লিং, লিভারপুলের আলেকজান্ডের-আর্নোল্ড, উলভারহ্যাম্পটনের দিওগো জোতা, এবং ক্রিস্টাল প্যালেসের উইলফ্রেড জাহা।

প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স এ ব্যাপারে বলেছেন, ‘প্রিমিয়ার লিগেই সবাই কভিড-১৯ আক্রান্তদের সঙ্গে আছেন। আমরা এই সময়ে ভক্তদের বিনোদন দেওয়ার জন্য নতুন উপায় সন্ধানে গুরুত্ব দিয়েছি এবং ই-প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের একটি শক্তিশালী লাইন আপ তৈরিতে আগ্রহী আমরা।’ টুর্নামেন্টের পুরস্কারের অর্থ দেওয়া হবে এনএইচএসকে করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তার জন্য।