চিকিৎসা অবহেলায় বৃদ্ধার মৃত্যুর অভিযোগে নার্সসহ তিনজনকে মারধর, ভাঙচুর

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ তুলে নার্সসহ তিনজনকে মারধর করে আহত করেছে স্বজনরা। এ সময় তারা হাসপাতালের নার্সদের একটি কক্ষও ভাঙচুর করে।

রবিবার সন্ধ্যায় বাগেরহাট সদর হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ এখনো হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।

আহতরা হলেন- বাগেরহাট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিনারা খানম (৫৫), আয়া কমলা বেগম ওরফে কোমেলা (৩৯) ও লাবণী বেগম (৩৭)।

মৃত বৃদ্ধা নমিতা রানী পাল শহরের বণিকপট্টি এলাকার মনিমোহন পালের স্ত্রী।

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক কে এম হুমায়ুন কবির বলেন, রবিবার বিকেল পাঁচটার দিকে শহরের বণিকপট্টি এলাকার সত্তেরোর্ধ্ব নমিতা রানী পাল নামে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে এখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু তারা খুলনায় না নিয়ে এখানে চিকিৎসার জন্য বললে আমরা তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করি।

এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে নার্স ও আয়াদের মারধর ও তাদের একটি কক্ষ ভাঙচুর করে চলে যায়। তাদের মারধরে সিনিয়র স্টাফ নার্সের নাক ফেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখনো মামলা দেয়নি। তারা মামলা দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।