খুনের অভিযোগ থেকে পাকিস্তানে অব্যাহতি পেলেন আমির খান!

আমির খানকে খুনের দায় থেকে অব্যাহতি দিয়েছে পাকিস্তানি আদালত! নাম একই হলেও ইনি বলিউড অভিনেতা নন। কিন্তু গোলমাল বাধিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।

জি নিউজ জানায়, ‘আমির খান খুনি’ বলে পাকিস্তানি নিউজ চ্যানেলে খবর প্রচার হয়েছে। শুধু তাই নয়, সেই খবরের সঙ্গে দেখানো হয়েছে অভিনেতার ছবি।

আসলে বিভ্রান্তির কারণ লুকিয়ে রয়েছে নামের মধ্যে। সম্প্রতি দুটি খুনের জন্য অভিযুক্ত পাকিস্তানের এক এমকিউএম নেতা ছাড়া পেয়েছেন। ওই খবর পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে প্রচার হচ্ছিল। তবে ছবিটি ছিল বলিউড অভিনেতার। দীর্ঘক্ষণ এই ভুল ছবি প্রচারের পর বিষয়টি যখন কর্তৃপক্ষের নজরে আসে ততক্ষণে খবরের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

স্ক্রিনশট দিয়ে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সাংবাদিক নায়লা ইনায়াত। তিনি লেখেন, ‘খবরের হেডলাইন: দীর্ঘ ১৭ বছর পর এমকিউএম নেতা আমির খান দুটি খুনের ঘটনার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন। জানতাম না তো ভারতের অভিনেতা আমির খান ১৭ বছর ধরে পাকিস্তানে ছিলেন।

পাকিস্তানি সংবাদমাধ্যমের এই কান্ডে হতবাক অনেকে। নায়লা ইনায়াতের এই টুইটের নিচে বিরক্ত হয়ে মন্তব্য করেছেন বেশ কয়েকজন। সেখানে কেউ কেউ আবার আমির খানকে ট্যাগ করেন। তবে মিস্টার পারফেকশনিস্ট এই নিয়ে কোনো মন্তব্যে যাননি।