নভেল করোনাভাইরাস মোকাবিলায় ঘোষিত লকডাউন কিছু এলাকা শিথিল করছে ভারত। তবে রাজ্যগুলো এই অনুমতির বাইরে থাকবে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, লকডাউন ঘোষণার ২৭ তম দিনে সোমবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন, বিশেষ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেয়া হবে।
তবে অনুমোদিত ক্ষেত্র ছাড়া অন্য কোনও কিছু লকডাউনের আওতার বাইরে রাখা যাবে না বলে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলো চাইলে কড়াকড়ি আরও বাড়াতে পারে বলে জানানো হয়েছে।
করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ভারতজুড়ে। তবে ‘করোনা হটস্পটের’ বাইরের এলাকাগুলোতে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আরও কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে।
তবে কেন্দ্র অনুমোদিত ক্ষেত্র ছাড়া লকডাউনের নিয়ম শিথিল করা যাবে না বলে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি দিয়ে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।
অন্য একটি চিঠিতে আলাদা করে সতর্ক করা হয়েছে কেরালাকে। সোমবার থেকে রাজ্যটির কোনও কোনও অঞ্চলে বইয়ের দোকান, রেস্তোরাঁ এবং সেলুন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার। এটি কোনোভাবেই করা যাবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে দ্য হিন্দু সোমবার লাইভ আপডেটে জানিয়েছে, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৪৩৮। এর মধ্যে মারা গেছেন ৫৬৫ জন।