আখাউড়ায় পুলিশের হস্তক্ষেপে ঘরে ফিরল ভাড়াটিয়া

করোনা পরিস্থিতিতে ভাড়া দিতে না পারায় বাসা থেকে বের করে দেয়া দিনমজুর সোহেল মিয়া অবশেষে আখাউড়া থানা-পুলিশের হস্তক্ষেপে ঘরে ফিরতে সক্ষম হয়েছেন।

রবিবার রাত ৮টার দিকে আখাউড়া পৌরশহরের কলেজ পাড়ায় অবস্থিত ভাড়া বাসা থেকে বাড়ির মালিক সোহেলকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেন।

জানা যায়, করোনা প্রতিরোধে অঘোষিত লকডাউন চলার কারণে দিনমজুর সোহেল মিয়া কর্মহীন হয়ে পড়েন। চার সদস্যের সংসারে খাবার জোগাতেই হিমশিম খাচ্ছিলেন সোহেল মিয়া। এ পরিস্থিতিতে বকেয়া পড়ে ২ মাসের ঘর ভাড়া।

রবিবার রাতে বাড়ির মালিক রাকিবা তার ভাড়াটিয়া সোহেল ভাড়া না দেয়ায় ঘর থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। সোহেল মিয়া কোন উপায় না পেয়ে থানায় গিয়ে ওসিকে বিষয়টি অবহিত করেন।

ঘটনাটি জানতে পেরে রাতেই পুলিশ গিয়ে মালিক সাথে আলাপ আলোচনা করে সোহেল তার পরিবারকে ঘরে তুলে দিয়ে আসেন। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর মো. মন্তাজ মিয়া, সাংবাদিক জালাল হোসেন মামুন, এসআই নিতাই আচার্য প্রমুখ। 

আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, বাড়ির মালিককে বুঝিয়ে সোহেলকে ঘরে তুলে দেয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভাড়াটিয়াদের কাছে ভাড়া না চাইতেও বলা হয়েছে।