করোনায় স্বেচ্ছাসেবী দল গঠন করল ডিরেক্টর গিল্ড

করোনা মোকাবিলায় ছোটপর্দার সংগঠনগুলো বেশ কর্মতৎপর। নিজেদের সদস্যদের নানামুখী সহায়তায় কাজ করে যাচ্ছে। এরই ভেতরে করোনা মোকাবিলায় সদস্যদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবী দল গঠন করল নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। যারা নভেল করোনাভাইরাসে আক্রান্ত টিভি মিডিয়ার সদস্যদের সেবায় নিয়োজিত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক। তিনি জানান, এই স্বেচ্ছাসেবক দল ও সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদ টেলিভিশন মিডিয়ার সব সংগঠনের সদস্যদের প্রয়োজনে চিকিৎসা সেবা পেতে সহযোগিতা করবেন। সরকার ঘোষিত নিয়ম মেনে এবং নিজেকে নিরাপদ রেখে এসব কার্যক্রমে অংশ নেবেন তারা। আর এ জন্য নিরাপত্তা সামগ্রী পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ডিরেক্টরস গিল্ড প্রদান করবে।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এ অলিক বলেন, ‌‌‌‘যদি কোনো সম্মানিত সদস্য মনে করেন তার করোনার উপসর্গ দেখা দিয়েছে, তাহলে গোপন না রেখে স্বেচ্ছাসেবক দলের সহযোগিতা নিন। এই করোনা ক্রাইসিসে আমরা সংগঠনের সব সদস্যের পাশে আছি।’

স্বেচ্ছাসেবক দলের সমন্বয়কারী হিসেবে আছেন নাট্যনির্মাতা ফরিদুল হাসান ও পিকলু চৌধুরী। সদস্যদের মধ্যে আছেন- আশিক মাহমুদ রনি, সঞ্জয় বড়ুয়া, শাহীন স্বাধীন, মো. মামুন খান, চিকিৎসক সোহেলী পারভীন মুক্তা, ইমন সাদি, চয়নিকা চৌধুরী, রাজীব হাসান, মিঠু রায়, জামাল উদ্দিন জামান, মঞ্জুরুল হক মঞ্জু, রাফাত মজুমদার রিংকু, এস এম আরিফ, শ্রী জুগল চন্দ্র শীল পলাশ, শাহাদাত আলম ভুবন, হিমেল ইসহাক, সোহাগ কুমার বিশ্বাস, ইমেল হক, হাসান রেজাউল, ডা. আওরঙ্গজেব আরু।