ঝালকাঠিতে বুকে ব্যাথা ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে বৃষ্টি মালো (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল দশটার দিকে জেলার নলছিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তার মৃত্যু হয়। বৃষ্টি মালো পৌর এলাকার কৃষ্ণ মালোর মেয়ে এবং নলছিটি গার্লস স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বৃষ্টির মৃত্যুর ঘটনায় এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ওই কিশোরী গত চার দিন ধরে বুকে শ্বাসকষ্ট ও বুকে ব্যাথায় আক্রান্ত ছিল। সোমবার সকালে নিজ বাসায় বেশী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বৃষ্টিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল বৃষ্টি। ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিলো এ মাসেই। কিন্তু করোনা সংকটের কারনে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা. মুনীবুর রহমান জুয়েল বলেন, বৃষ্টি করোনায় আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত হতে ওর শরীরের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।