ভারতে চলছে লকডাউন। ঘরবন্দী সময়ে মন খারাপের অবসান ঘটাতে এক জোট হয়ে গানের মাধ্যমে বার্তা দিলেন টলিউডের কলাকুশলীরা। সোমবার রাজ চক্রবর্তীর পরিচালনায় তার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেল মিউজিক ভিডিও ‘এই বাংলা আমার হাসবে আবার’। করোনা মানেই মৃত্যু নয়, ভয় নয়, বাধা-বিপত্তি কাটিয়ে এক নতুন সকাল আসবে ঠিক—গোটা ভিডিও জুড়ে এই বার্তাই দিয়েছেন রাজ।
টলিপাড়ার তারকাদের দেখা গেল এই মিউজিক ভিডিওতে। আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরাত জাহান সহ আরও অনেক অভিনেতাকে নিয়ে বানানো হয়েছে এই গানের ভিডিওটি। বাড়ি থেকে বের হননি কেউই। ঘরে বসেই শুট করে পাঠানো ক্লিপিংসে তৈরি হয়ে গিয়েছে চার মিনিটের এই ভিডিও।
তবে এই ভিডিওর সবচেয়ে বড় চমক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনা। দেশের মানুষের প্রতি সচেতন বার্তা দিয়ে এই ভিডিওকে প্রাসঙ্গিক করে তুলেছেন তিনি।
গানটির কথা লিখেছেন প্রসেন। গেয়েছেন শাশ্বত সিংহ এবং নিকিতা গাঁধী। মুক্তি পাওয়ার এক ঘণ্টার মধ্যেই দশ হাজার মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। লাইকের সংখ্যা ছাড়িয়েছে প্রায় দেড় হাজার।
এর আগে পরিচালক অরিন্দম শিলও টলিপাড়ার শিল্পীদের নিয়ে বানিয়েছিলেন শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে এক দিন’। সেই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক এবং দেব-রুক্মিণীকে দেখা গেলেও রাজের মিউজিক ভিডিওতে দেখা মেলেনি এঁদের।