করোনা: দ্রুত টেস্ট করতে প্রত্যন্ত গ্রামে ড্রোনে কিট পাঠাচ্ছে ঘানা

নভেল করোনাভাইরাস মোকাবিলায় বেশি বেশি টেস্ট করার প্রতি গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপ থেকে আমেরিকার পরবর্তী করোনা কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে আফ্রিকাকে।

এমন পরিস্থিতির দিকে মহাদেশটির ঘানা সরকার টেস্ট বাড়ানোর প্রতি মনোযোগ দিয়েছে। বড় শহরগুলোর বাইরে প্রত্যন্ত অঞ্চলে দ্রুত টেস্ট করতে ড্রোনে করে কিট পাঠানো হচ্ছে।

আলজাজিরা জানায়, এই কাজের জন্য তারা মার্কিন ভিত্তিক স্টার্টআপ কোম্পানি জিপলাইনের সহায়তা নিচ্ছে।

এপ্রিলের শুরুতে দেশটিতে ট্রায়াল ফ্লাইট চালু করে জিপলাইন। রাজধানী আক্রা এবং দ্বিতীয় প্রধান শহর কুমাসির বাইরে গ্রামাঞ্চলে অন্তত এক হাজার জায়গায় ড্রোনে করে কিট পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হবে।

ঘানাতে ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২ জন। যার মধ্যে মারা গেছেন ৯ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৯২ জন রোগী। 

 ১২ মার্চে দেশটিতে প্রথম দুই আক্রান্ত শনাক্ত হয়। এরপর এখন পর্যন্ত প্রায় ৬১ হাজার নমুনা পরীক্ষা করেছে কর্তৃপক্ষ।