করোনাভাইরাসের কারণে পাকিস্তান জুড়ে চলছে লকডাউন। মাঠে খেলা থাকার তো প্রশ্নই আসে না। তবে এই ঘরবন্দী সময়ে অনলাইনে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নিতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চুক্তিবদ্ধ জাতীয় দলের ক্রিকেটারদের এই ফিটনেস টেস্ট প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার থেকে। এক বিবৃতিতে পিসিবি জানায়- ‘হারিস সোহেল, হাসান আলি, মোহাম্মদ আব্বাস, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম এবং শাদাব খানের ফিটনেস টেস্ট হয়েছে এদিন। অন্যদের নেওয়া হবে মঙ্গলবার।’
এর আগে গত সপ্তাহে ঘরোয়া ক্রিকেটের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়া শুরুর করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেই ফিটনেস টেস্ট দেওয়ার সময় ইনজুরিতে পড়ার ঘটনাও ঘটেছে। পাকিস্তানের জার্সিতে ২৬টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলা ডানহাতি ব্যাটার শোয়েব মাকসুদ ইনজুরির শিকার হন। যদিও তিনি পিসিবির এই কার্যক্রমের প্রশংসা করেছেন।
পিসিবির এই ফিটনেস টেস্টের পরিকল্পনা সাজিয়েছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ইয়াসির মালিক। প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক পুরো বিষয়টি তদারকি করছেন। করোনার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর মিসবাহ খেলোয়াড়দের ফিটনেসের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন।
পাকিস্তানের পরবর্তী সিরিজ খেলার কথা জুলাইয়ে। ইউরোপ সফরে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট খেলার কথা। তবে করোনা ভাইরাসের কারণে সফরগুলো নিয়ে রয়েছে অনিশ্চয়তা।