করোনা মোকাবিলায় ২৪ মার্চ থেকে ভারত জুড়ে চলছে লকডাউন। এই সময়ে বেড়েছে নারীর প্রতি গার্হস্থ্য হিংসার প্রকোপ। ভারতীয় ন্যাশনাল কমিশন ফর উইমেন-এর তথ্যানুযায়ী, লকডাউনের এক সপ্তাহ গড়াতে না গড়াতেই শুধুমাত্র ইমেইল মারফত গার্হস্থ্য হিংসার অভিযোগ আসে ৫৮টি। চিঠি মারফত তারও বেশি। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে সংখ্যাটা। তবে এখনো সমাজের বিভিন্ন প্রান্তে এমন অনেক মহিলা আছেন, যারা ভবিষ্যতের ভয়ে, সর্বহারা হওয়ার দুশ্চিন্তায় গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সরব হতে পারছেন না। এবার তাদের সাহস জোগাতে এগিয়ে এলেন বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, ফারহান আখতার, মাধুরী দীক্ষিতদের মতো খেলা ও বিনোদন দুনিয়ার তারকারা।
করোনা যুদ্ধে জয়ী হতে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন সেলেবরা। কখনো আর্থিক সাহায্য করে কেন্দ্রের পাশে দাঁড়াচ্ছেন, তো কখনো সোশ্যাল মিডিয়ায় সচেতনতার প্রচার করছেন তারা। এবার আনুশকা শর্মা, মিতালি রাজ, রাহুল বোস, বিদ্যা বালানরা সুর চড়িয়েছেন গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে। নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করেছেন কোহলি-শচীন-মিতালিরা। যেখানে তারা বার্তা দিচ্ছেন সেই সমস্ত মানুষদের, যারা নিশ্চুপ হয়ে লকডাউনের মধ্যে গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন। রোহিত শর্মাদের অনুরোধ, এর বিরুদ্ধে সরব হোন। তাদের কথায়, ‘আপনি নিজে এর শিকার হলে অথবা প্রতিবেশীকে এই অবস্থায় দেখলে রিপোর্ট করুন।’