সামাজিক দূরত্ব মেনে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

মুখে মাস্ক, হাতে কালো পতাকা এবং নিজেদের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রেখে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির কয়েক হাজার মানুষ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই তারা এই বিক্ষোভে অংশ নেয়।

রবিবার তেল আবিবের রাবিন স্কয়ারে এই বিক্ষোভ সংঘটিত। বিক্ষেপকারীদের অভিযোগ, নেতানিয়াহু ইসরায়েলের গণতন্ত্র ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছেন। তাদের অনেকের হাতে থাকা প্লে কার্ডে ‘গণতন্ত্রের জয় হোক’, কারও মাস্কে ‘মিনিস্টার অব ক্রাইম’ লেখা ছিল।

গত এপ্রিলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু। তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিনটি মামলা চলছে।

গত এক বছর ধরে ইসরাইলে কোনো নির্বাচিত সরকার নেই। সেখানে তিন দফা সংসদ নির্বাচন হলেও কেউ এখন পর্যন্ত সরকার গঠন করার মতো একক অবস্থানে পৌঁছাতে পারেনি।  

বিক্ষোভকারীরা ইসরাইলের সাবেক সেনাপ্রধান এবং বর্তমানে শীর্ষ রাজনীতিক বেনি গ্যান্টজকে নেতানিয়াহুর সঙ্গে ঐকমত্যের সরকার গঠন না করার আহ্বান জানান।