পরিবারের সবাইকে নিয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ক্রিকেটার ইমরুল কায়েস। মেহেরপুর সদর উপজেলার উজলপুরে গ্রামের বাড়িতে সোমবার থেকে কোয়ারেন্টাইন পর্ব শুরু করেছেন ইমরুল।
রবিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ইমরুলের বাবা মোহাম্মদ বানি আমীন। রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার বেলা সাড়ে ১১টায় গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
যেহেতু ইমরুলের পরিবারের সদস্যরা ঢাকা থেকে ফিরেছেন, তাই স্বাস্থ্য বিভাগ থেকে তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
দুপুরে মেহেরপুর সদর থানার ওসি শাহ তারা খান এবং সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অলক কুমার রায় ইমরুলের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেন। বাড়িটিকে লকডাউন ঘোষণা করে সবাইকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন তারা।