হোয়াইট হাউসের উৎসাহে লকডাউন বিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে উৎসাহ পেয়ে দেশটির বিভিন্ন রাজ্যের মানুষ লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। ওয়াশিংটন রাজ্যের রাজধানী অলিম্পিয়ায় প্রায় আড়াই হাজার মানুষ সরকারি নির্দেশ অমান্য করে সমবেত হন।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় পুরো বিশ্ব যখন লকডাউন অথবা অন্য কোনো কড়া নিয়মের বেড়াজাল সৃষ্টি করছে, তখন ডোনাল্ড ট্রাম্প অন্য কথা বলছেন। তিনি যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যের উদ্দেশ্যে জনসাধারণকে বাধ্যতামূলকভাবে বাসায় থাকার নির্দেশ তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

ট্রাম্পের যুক্তি, রাজ্য স্তরে করোনা ভাইরাস পরীক্ষার যথেষ্ট ব্যবস্থা রয়েছে৷ তাই অর্থনৈতিক কার্যকলাপ আবার শুরু করা উচিত।

অনেক রাজ্যের গভর্নর অবশ্য বর্তমান পরিস্থিতিতে কড়াকড়ি তুলে নিতে নারাজ। তাদের মতে, পরিস্থিতি মোটেই স্বাভাবিক হয়নি। এই অবস্থায় অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা সত্ত্বেও তারা সব বিধিনিষেধ তোলার ঝুঁকি নিতে প্রস্তুত নন।

উল্লেখ্য, আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে ট্রাম্প চরম বেকারত্ব ও অর্থনৈতিক মন্দার আশঙ্কায় অত্যন্ত উদ্বিগ্ন। তাই তিনি স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকির দায় গভর্নরদের কাঁধে চাপিয়ে নিজে অর্থনীতি চাঙা করার কৃতিত্ব দাবি করতে চাইছেন বলে সমালোচকেরা অভিযোগ করছেন।