বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগে নার্সসহ তিনজনকে মারধর করেছে স্বজনরা। এসময় তারা হাসপাতালের নার্সদের একটি কক্ষও ভাঙচুর করে। গত রবিবার সন্ধ্যার ওই ঘটনায় সদর থানায় মৌখিক অভিযোগ করলেও এখন কাউকে আটক করতে পারেনি পুলিশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ঘটনায় আহত সিনিয়র স্টাফ নার্স মিনারা খানম (৫৫) আয়া কমলা বেগম ওরফে কোমেলা (৩৯) ও লাবনি বেগমকে (৩৭) হাসাপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক কে এম হুমায়ুন কবির জানান, রবিবার বিকেল ৫টার দিকে শহরের বণিকপট্টি এলাকার সত্তরোর্ধ্ব নমিতা রানী পাল নামে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে এখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু তারা খুলনায় না গিয়ে এখানে চিকিৎসার জন্য বললে আমরা তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করি। কিন্তু সন্ধ্যায় তার মৃত্যু হয়। এরপর রোগীর স্বজনরা নার্স ও আয়াদের মারধর করে এবং তাদের একটি কক্ষ ভাঙচুর করে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হাসপাতাল কর্র্তৃপক্ষ ফোন করে জানানোর পর হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। তবে হাসপাতাল কর্র্তৃপক্ষ এখনো মামলা করেনি। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।