হকারদের খাদ্যসামগ্রী দিলেন শামীম ওসমান

কয়েক মাস ধরে কর্মহীন নগরীর হকারদের খাদ্যসামগ্রী দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর ২ নম্বর রেলগেট, কালীর বাজার ও চাষাঢ়া সিটি হকার্স মার্কেটের প্রায় ৩৫০ হকারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

হকার শ্রমিক লীগের সভাপতি রহিম মুন্সি বলেন, করোনার জন্য লকডাউনের দুই-তিন মাস আগে থেকেই আমরা ফুটপাতে বসতে পারছি না। এর ওপর আবার বর্তমান পরিস্থিতির কারণে হকাররা পরিবার-পরিজন নিয়ে রীতিমতো মানবেতর জীবন যাপন করছিল। এমপি শামীম ওসমান নিজ উদ্যোগে আমাদের খোঁজ নিয়েছেন এবং খাদ্যসামগ্রী দিয়েছেন। 

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন স্থানে বসা হকাররা অনেক দিন ধরেই কর্মহীন। আমরা ফুটপাত সব সময় হকারমুক্ত চাই বলে চিৎকার করি। কিন্তু এসব দরিদ্র হকারের পুনর্বাসনের প্রশ্নে কেউ এগিয়ে আসি না।