জাভেদের ব্যাপারে অভিযোগ সত্য নয়, বলছে বিসিবি

জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিমের বিরুদ্ধে আইসিসি কোনো অভিযোগ আনেনি বলে দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

দেশের হয়েছে ৪০ টি টেস্ট ও ৫৯টি ওয়ানডে খেলা ডানহাতি ওপেনার জাভেদ সবশেষ নারী ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। বিদেশি সংবাদমাধ্যমসহ দেশের বেশ কিছু সংবাদমাধ্যমে খবর আসে, ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ম্যানেজার জাভেদের ওপর নজর রাখে টুর্নামেন্টে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)।

জাভেদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আইসিসি থেকে তার ব্যাপারে বিসিবি বরাবর দিক নির্দেশনা এসেছে বলেও প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির সূত্র জানায়, জাভেদকে আর বোর্ডের কোনো দায়িত্ব না দিতে আইসিসি থেকে অনুরোধ এসেছে।

তবে নিজাম উদ্দিন চৌধুরী বলছেন, এমন কোনো কিছুই বোর্ড অবহিত না। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আইসিসি আমাদের এই বিষয়ে কিছুই জানায়নি। বিষয়টি মিডিয়ায় কীভাবে এসেছে তাও আমরা অবগত নই। এ বিষয়ে আমাদের সঙ্গে আকসুর কোনো যোগাযোগও হয়নি।’

‘কোনো অভিযোগ বা নির্দেশনা এলে তো আমার কাছেই আসার কথা। কিংবা মাননীয় বোর্ড সভাপতিকে জানানো হবে। আমরা কিছুই জানি না। তাকে নিয়ে কোনো নির্দেশনাও পাইনি।’- বলেন নিজাম উদ্দিন চৌধুরী সুজন।