ধান কাটতে কৃষকদের সহযোগিতার জন্য কৃষক লীগের হটলাইন নম্বর

করোনা পরিস্থিতিতে বোরো মৌসুমে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধান কাটায় সহযোগিতার জন্য হটলাইন নাম্বার চালু করেছে কৃষক লীগ। সারা দেশকে মোট দশটি জোনে ভাগ করে প্রতিটি জোনের জন্য একটি করে নম্বর দেয়া হয়েছে।

জোন গুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদপুর। প্রতিটি জোনের দায়িত্বে এক বা একাধিক কেন্দ্রীয় নেতা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের রাখা হয়েছে।

সার্বিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগের জন্য দেওয়া আছে কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর, যাতে যে কেউ চাইলে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

কৃষক লীগের কেন্দ্রীয় নির্দেশনায় কাজ করবে দশটি জোন এবং জোনের নির্দেশনায় কাজ করবে জেলা কমিটি। জেলা কমিটিতে কৃষকের ধান কাটা ও সহায়তার জন্য ১০০ জনের স্ট্রাইকিং ফোর্স রয়েছে।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, করোনা ভাইরাসের কারণে সকল মানুষ ঘরবন্দী। ফলে শ্রমিক সংকটের কারণে বোরো মৌসুমের ধান কাটতে পারছে না দেশের অনেক কৃষক। এই সকল কৃষকদের ধান কৃষক লীগের নেতাকর্মীরা কেটে দেবে।

তিনি আরও বলেন, কৃষকের ধান কাটতে মোট দশটি অঞ্চলের এক হাজার নেতা কর্মীর মাধ্যমে দশটি টিমে ভাগ করা হয়েছে। প্রতিটি টিমের টিম লিডারের ফোন নম্বর হট লাইনে দেয়া আছে। বোরো মৌসুমের ধান কাটার জন্য যে কোনো কৃষক ওই হট লাইনে ফোন দিলে কৃষক লীগের নেতা–কর্মীরা ধান কেটে দেবে। কৃষক লীগের এই নেতা আরও বলেন, শুধু ধান কাটা নয়, কৃষকের যে কোনো সমস্যার সমাধান এ হটলাইনের মাধ্যমে করা হবে।

কৃষক লীগের হটলাইন নম্বর গুলো হলো– সিলেট অঞ্চল -০১৭১১ ৩৩১০৭২, কুমিল্লা অঞ্চল-০১৭৩২ ১৭০৫৫৫, চট্টগ্রাম অঞ্চল- ০১৭১১ ১৪০২১৬, রংপুর অঞ্চল- ০১৭১১ ২৬১৮৩৩, বরিশাল অঞ্চল- ০১৭১১ ৪৪২২১৩, ফরিদপুর অঞ্চল- ০১৭১২ ০৯২৭৫৬, রাজশাহী অঞ্চল- ০১৭১৪ ২২০৫৬৩, ঢাকা অঞ্চল- ০১৭১১ ৩২৯০৪৪, খুলনা অঞ্চল- ০১৭১৬ ৭১৬২০১, ময়মনসিংহ অঞ্চল- ০১৭১৬ ৬৭০৭৭০।