লকডাউন শেষে কারখানা খোলার আনন্দে চুম্বন প্রতিযোগিতা!

নভেল করোনাভাইরাসের সংক্রমণ এখন নেই বললেই চলে চীনে। ভাইরাসটির উৎপত্তিস্থল উহান থেকে দীর্ঘদিনের লকডাউন উঠে গিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে গেছে মানুষ।

দেশটিতে লকডাউন উঠে যাওয়ায় খুলছে কারখানাগুলোও। সেই আনন্দে চুম্বন প্রতিযোগিতায় নেমেছে কারখানার কর্মীরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যে সেই ভিডিও দেখা হয়েছে ১০ কোটিরও বেশি বার।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন নিউজ জানায়, পশ্চিম চীনে সাংহাই প্রদেশের কাছাকাছি সুজহু শহরের একটি ফার্নিচার কারখানায় এই ঘটনা ঘটে।

ইউয়া নামের কারখানাটিতে ১০ জন নারী-পুরুষ এই চুম্বন প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন স্বামী-স্ত্রী।

এদিকে এমন কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছে কারখানাটি। তবে তারা জানায়, ভাইরাস যাতে না ছড়ায় তার জন্যই যুগলদের মাঝে কাচের দেয়াল ছিল। সরাসরি কেউ কারোর ঠোঁটে ঠোঁট ঠেকাননি।

এরপরেও নেটিজেনরা এই ঘটনার জন্য নিন্দা জানিয়েছে। এমন অসাবধানতা ও অবহেলা থেকেই সংক্রমণ ছড়িয়ে যেতে পারে বলে তাদের আশঙ্কা।

প্রসঙ্গত, চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৮৪ হাজার মানুষ। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন। তবে করোনা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ আছে দেশটির বিরুদ্ধে।