নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মন্দিরের তালা ভেঙে দানবাক্সের টাকা ও তৈজসপত্র চুরির ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার হোগলা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী নৃসিংহ জিউর আখড়ায় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে তারা মন্দিরে গিয়ে দেখেন দানবাক্সের তালা ভাঙা এবং এর পাশে রক্ষিত তাদের ব্যবহৃত তৈজসপত্রও নেই।
ওই নৃসিংহ জিউর আখড়া কমিটির সভাপতি অসিত সেন জানান, তারা প্রতি মাসে একবার এই দানবাক্সটি খুলতেন। এ সময় দানবাক্স থেকে প্রায় ৫-৭ হাজার টাকার মতো পাওয়া যেত।
তিনি জানান, এবার প্রায় দানবাক্স খোলার সময় হয়েছিল। ওই মুহূর্তেই চুরি হয়। ধারণা করা হচ্ছে, চোরেরা প্রায় ৫-৭ হাজার টাকার মতোই নিতে পেরেছে।
আখড়ার সভাপতি বলেন, এছাড়া ওই মন্দিরে তারা বছরে একবার পাঁচ দিনের জন্য উৎসব করতেন। তখন মন্দিরের তৈজসপত্র দিয়ে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের রান্না ও খাওয়া-দাওয়া আয়োজন হতো। সকল সরঞ্জাম মন্দিরে থাকায় সেগুলোও চোরেরা নিয়ে গেছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দিরটি অনেকটা অরক্ষিত। সেখানে কোনো পাহারাদার না থাকায় চুরির ঘটনা ঘটেছে।
তবে চোরকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।