সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আইসোলেশন থেকে মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে পালানো বৃদ্ধ মিজানুর রহমানকে (৬৫) একইদিন বিকেলে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে পুলিশ উদ্ধার করেছে।
ওই বৃদ্ধ হাসপাতাল থেকে পালিয়ে ওই স্টেশনে গিয়ে অবস্থান নিয়ে সেখানে অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে করোনা উপসর্গ থাকায় তার সংস্পর্শে যাতে কেউ যেতে না পারে সে জন্য স্থানীয়রা তার চারপাশে রশি টানিয়ে লাল কাপড় বেধে দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ হাসপাতালের একটি মেডিকেল টিমের সহযোগীতায় তাকে উদ্ধার করে আবারও আইসোলেশনে ভর্তি করে।
এ বিষয়ে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম জানান, করোনার উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ গত ১৭ এপ্রিল এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। তার পুরাতন এ্যাজমা রোগও রয়েছে। তিনি কিছুটা সুস্থ হয়েছিলেন। এর আগেও তিনি হাসপাতাল থেকে বেশ কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে আটকে রাখা হলে তিনি আত্মহত্যার চেষ্টাও করেন। পরে তাকে পুলিশের কাছে হস্থান্তর করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা.জাহিদুল ইসলাম বলেন, গত ১৭ এপ্রিল ওই বৃদ্ধকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু এখনও তার রিপোর্ট না আসায় তিনি করোনা আক্রান্ত কিনা সেটা বলা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যেই তাকে উদ্ধার করে আবারও হাসপাতালে আনা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার বলেন, ওই বৃদ্ধকে ষ্টেশন থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে।