করোনা মোকাবিলায় সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পরিচ্ছন্ন কর্মীরা। কিন্তু বারবার হেনস্তার মুখে পড়তে হচ্ছে তাদেরই। তাই তাদের সম্মানার্থে এগিয়ে এলেন ভারতের ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। স্বাস্থ্যকর্মীদের স্বার্থে নিজের রাজ্যে বেশ কয়েকটি নয়া পদক্ষেপের ঘোষণা করলেন তিনি।
করোনা রোধে জরুরি পরিষেবা দিতে হাজির স্বাস্থ্যকর্মী, চিকিৎসকেরা। দিন-রাত এক করে দেশের দশের স্বার্থে কাজ করে চলেছেন তারা। কিন্তু পরিণামে পাচ্ছেন অপমান, হেনস্তা হতে হচ্ছে বেশ কিছু স্থানে। করোনার সচেতনতা বৃদ্ধি করতে গিয়ে মানুষের রোষানলেও পড়তে হয় তাদের। কোথাও বা সামান্য ভুলে প্রাণও হারাতে হচ্ছে। ফলে একদিকে জীবন হাতে নিয়ে তারা কাজ করছেন অন্যদিকে তারা প্রাণও হারাচ্ছেন বেঘোরে। তাই ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তাদের কথা ভেবেই নতুন কয়েকটি সিদ্ধান্ত ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী জানান, ‘লকডাউনের মধ্যে কাজ করতে গিয়ে যে সরকার ও বেসরকারি স্বাস্থ্যকর্মীরা প্রাণ হারাবেন তাদের জন্য সরকারের তরফ থেকে ৫০ টাকা বরাদ্দ করা হবে। রাজ্য তাদের শহিদের আখ্যা দেবে ও সম্মান প্রদান করবে। তাদের এই অবদানকে স্মরণীয় করে রাখতে পরে একটি পুরস্কারেরও আয়োজন করা হবে। জাতীয় দিবসের দিনে সেই পুরস্কার বিতরণ করা হবে।’
নবীন পট্টনায়ক আরও বলেন, ‘স্বাস্থ্যকর্মীদের হেনস্তা করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
দেশজুড়ে করোনা আক্রান্তদের সামলাতে কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্র ও রাজ্যগুলি। সেই আইন নিজের রাজ্যেও প্রয়োগ করলেন নবীন পট্টনায়ক। ভারতের উত্তরপ্রদেশের পর স্বাস্থ্যকর্মীদের কথা ভেবে তার এই পদক্ষেপে খুশি সকলে।