ব্যাট হাতে সব বোলারদের কাছেই ভয়ের কারণে ছিলেন শহীদ আফ্রিদি। তবে পাকিস্তানি অলরাউন্ডারের লেগ স্পিনও ছিল দারুণ কার্যকরী। বলা যায়, ধারাবাহিকতার দিক থেকে বোলিংয়েই দলের জন্য বেশি কার্যকরী ছিলেন তিনি। সেই আফ্রিদি বলছেন, ব্রায়ান লারাকে বল করতে গেলে সব সময়ই নার্ভাস হয়ে পড়তেন তিনি।
উইজডেনের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি লারাকে প্রশংসায় ভাসিয়েছেন। বলেন, ‘ব্রায়ান লারাই আমাকে নার্ভাস করে দিত। আমি তাকে বেশ কয়েকবার আউট করেছি। কিন্তু যখনই ওকে বল করতে গিয়েছি, আমার মধ্যে ভয় কাজ করত।’
লারা সামনে পড়লে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতেন আফ্রিদি, ‘মনে হতো সে বোধ হয় পরের বলেই আমাকে চার মারবে। আমার ওপর তার এমন প্রভাব ছিল! ওর বিপক্ষে বল করার সময় কোনো আত্মবিশ্বাস পেতাম না।’
স্পিনের বিপক্ষে আসলে দুর্দান্ত ছিলেন ব্যাটিং লিজেন্ড লারা। আফ্রিদি বলেন, ‘সে সেরা স্পিনারদের ওপর রাজত্ব করত। স্পিনের বিপক্ষে তার পায়ের কাজ ছিল দুর্দান্ত। সে ছিল অন্য মানের একজন ব্যাটসম্যান।’