ইউটিউবে উন্মুক্ত ‘বৈশাখের হাওয়া’

দর্শকের লেখা গল্প নিয়ে তৈরি হয়েছিল বৈশাখী টেলিছবি ‘বৈশাখের হাওয়া’। শতাব্দী ওয়াদুদ ও বিজরী বরকতুল্লাহ অভিনীত টেলি ছবিটি এর আগে প্রকাশ করা হয়েছিল বাংলাফ্লিক্সে। এবার এলো ইউটিউবে। টেলিছবিটি দেখা যাচ্ছে বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে।

জি এম আজম এর রচনায় চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর গল্পে দেখা যাবে, সংসার চালাতে গিয়ে হিমশিম খান শতাব্দী ওয়াদুদ। স্ত্রী বিজরী বরকতুল্লাহ ও সন্তানকে নিয়ে থাকেন বস্তিতে। পান্তা ভাত তো রোজই খেতে হয়। বৈশাখের দিন ছোট ছেলেটি ইলিশ খাওয়ার বায়না ধরে মা-বাবার কাছে। কী করবেন গৃহকর্তা?

এদিকে বস্তিতে বসবাসকারী এই পরিবারটির সঙ্গে অলক্ষে একটা যোগসূত্র তৈরি হয় এলাকার শিক্ষিত তরুণ-তরুণী মিশু সাব্বির, শাহতাজসহ কয়েকজনের। এই দুই পক্ষের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘বৈশাখের হাওয়া’ টেলিছবিটি।

এতে আরও আছেন মিশু সাব্বির, শাহতাজ, মালিহা, নানজিবা, শ্রাবণ প্রমুখ। টেলিছবির জন্য ‘নববর্ষ’ নামে একটি গানে কণ্ঠ দিয়েছেন কর্নিয়া।