সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দেশব্যাপী ত্রাণ তৎপরতায় বিএনপি দিশেহারার মতো কথা বলছে বলে মন্তব্য করেছেন ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় শেষে দেয়া বক্তব্যে চলমান ত্রাণ তৎপরতা নিয়ে বিএনপির বিরূপ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাস মোকাবিলায় দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষকে সরকার নানাভাবে সহায়তার আওতায় এনেছে জানিয়ে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, অপরদিকে কদিন আগে আমরা বিএনপিকে তিতুমীর কলেজে ছাত্রদলের মধ্যে ত্রাণ বিতরণ করতে দেখেছি। আর মির্জা ফখরুল সাহেব বলছেন, তারা সারা দেশে ত্রাণ বিতরণ করছেন, কিন্তু জনগণ তা দেখতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন আসছে, তারা কাকে ত্রাণ বিতরণ করছেন!
তিনি বলেন, আওয়ামী লীগ শুধু এখন নয়, ক্ষমতায় বা বিরোধী দল যেখানেই ছিল, সব সময় দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে, আর বিএনপি এখনো শুধু ঢাকা শহরে কয়েকটা লোক দেখানো ফটোসেশনে মন্তব্য করে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশে সিটি করপোরেশন-জেলা-উপজেলা-ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত সব মিলিয়ে ৭২ হাজারের মতো স্থানীয় সরকার প্রতিনিধি রয়েছে। এর মধ্যে অনিয়মের ঘটনা আনুপাতিক হারে দুই হাজারে একটির মতো, যদিও একটি ঘটনাও কাম্য নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের আগে মোবাইল কোর্টে বিচার হচ্ছে, পরে নিয়মিত মামলার হাত থেকেও এদের রেহাই নেই।
এর আগে করোনাভাইরাস মোকাবিলাকালে সহায়তা চেয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে সাংবাদিকদের তালিকা হস্তান্তর করেন বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এ সময় বলেন, আজকে বিএফইউজে ও ডিইউজের পক্ষ থেকে সারা দেশের সাংবাদিকদের একটি তালিকা দেয়া হয়েছে। তাদেরকে কিভাবে রেশনিংয়ের আওতায় আনা যায়, সেটি আমরা আলোচনা করেছি। একই সঙ্গে কীভাবে আর্থিক সহায়তা করা যায়, সেটিও আলোচনা হয়েছে।
বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স থেকেও মন্ত্রীর কাছে নিজ নিজ সংগঠন সদস্যদের তালিকা হস্তান্তর করা হয়।
এ সময় আওয়ামী লীগের দফার সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস।