ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুয়েল আহমেদের বিরুদ্ধে করোনা সংকটে কর্মহীন অসহায় মানুষের মধ্যে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির ত্রাণ বিতরণের তালিকা প্রণয়ন ও বরাদ্দ করা খাদ্যসামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে গত ১৪ এপ্রিল শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন একই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত) সদস্য শারমীন বেগম চৌধুরী ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নমিতা সিং।

শমশেরনগর ইউপির চেয়ারম্যান জুয়েল আহমেদ বলেন, ইউএনও বরাবরে কী বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তা সঠিক জানা নেই। তবে ত্রাণসামগ্রীর জন্য ইচ্ছামাফিক আমি কোনো তালিকা তৈরি করিনি। ইউপি সদস্যদের মাধ্যমে এই তালিকা তৈরি করা হয়েছে। সংরক্ষিত মহিলা সদস্যদের সঙ্গে অনেকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু তারা কোনো তালিকা দেননি।