নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন চিকিৎসক ও একজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।
নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক ও একজন স্টাফের করোনা পরীক্ষান রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, নড়াইল জেলা থেকে এ পর্যন্ত মোট ৬৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৬৩টি ফলাফল (রিপোর্ট) পেয়েছি। সর্বমোট এ জেলায় ৬ জনের পজিটিভ এবং ৫৭টি নেগেটিভ এসেছে। বাকি তিনটি নমুনার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
তবে লোহাগড়া উপজেলার ছাতরা গ্রামের এক যুবকের পজিটিভ আসলেও দ্বিতীয় পরীক্ষায় তার রেজাল্ট নেগেটিভ হয়েছে। অর্থাৎ ওই যুবক এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, করোনায় আক্রান্ত স্টাফসহ চিকিৎসকদের চিকিৎসা প্রাথমিক পর্যায়ে নড়াইলে চলছে। তাদের রিপোর্ট পজিটিভ হলেও শারীরিক অবস্থা তুলনামূলক ভালো আছে। অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে চিকিৎসক ও স্টাফসহ ৫ জনের করোনা আক্রান্তের খবরটি ছড়িয়ে পড়লে লোহাগড়াবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।