যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৩ জনের করোনা শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পঞ্চম দিনের পরীক্ষায় ৬৫ জনের নমুনার মধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইলের চারজন চিকিৎসক রয়েছে। যশোরের রয়েছে চার জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, মঙ্গলবার এখানে দক্ষিণ-পশ্চিমের সাত জেলার সন্দেহভাজন রোগীদের ৬৯টি নমুনা আসে। তার মধ্যে ৬৫টি নমুনা পরীক্ষার ফল নিশ্চিত হওয়া গেছে। যার ১৩টিই পজিটিভ।

এই ১৩ জনের মধ্যে যশোর জেলার চারটি, কুষ্টিয়ার দুটি, মেহেরপুরের একটি, মাগুরার একটি এবং নড়াইলের পাঁচটি রয়েছে। নড়াইলের পাঁচটি নমুনার মধ্যে চার জন চিকিৎসক।

যশোরে শনাক্ত ৪ জনের মধ্যে ১ জন যশোর জেনারেল হাসপতালের কোয়ারেন্টাইনে অবস্থানরত সদর উপজেলার চুড়ামনকাটির বাসিন্দা, ২ জন চৌগাছা উপজেলার ও অপরজন শার্শা উপজেলার বাসিন্দা।

জেলার সিভিল সার্জন ডা. মো. শেখ আবু শাহীন জানান, নতুন শনাক্ত এসব করোনা রোগীদের নিজ বাড়িসহ আশপাশ এলাকা লকডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে।