কিমের অসুস্থতা নিয়ে ‘চুপ’ উ. কোরিয়ার সংবাদমাধ্যম

আন্তর্জাতিক গণমাধ্যমে উত্তর কোরীয় নেতা কিম জং উনের অসুস্থতা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বুধবার কিছুই উল্লেখ করেনি। একাধিক মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, কিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি শয্যাশায়ী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খবর পড়ে কিমের সুস্থতা কামনা করেছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, বিষয়টির দিকে তারা নজর রাখছেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি শুধু আশা করতে পারি, তিনি সুস্থ হয়ে উঠবেন। তার সঙ্গে আমার ভাল সম্পর্ক ছিল। তাকে সুস্থ দেখতে চাই। আমরা ঠিক জানি না খবরটি সত্য কি না।’

গত ১৫ এপ্রিল কিমের দাদা ও দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মদিনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিম জং উনকে দেখা যায়নি। তার এ অনুপস্থিতি নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা।

উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগকারীদের মিডিয়া অনলাইন ডেইলি এনকে’র খবরে বলা হয়, হৃৎপিণ্ডে অস্ত্রোপচারের পর নর্থ পিয়ংগাও প্রদেশে কিমের চিকিৎসা চলছে।

উত্তর কোরিয়ার বিষয়ে এমন ‘স্পর্শকাতর’ খবর আসলে দেশটির কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে (কেসিএনএ) অধিকাংশ সময় তার ব্যাখ্যা বা প্রতিবাদ জানানো হয়। কিন্তু বুধবার তাদের প্রধান খবর ছিল খেলাধুলার সরঞ্জাম, তুন্তফুল বাছাই এবং বাংলাদেশে তাদের একটি সভা নিয়ে।

কেসিএনএ’র ওয়েবসাইটে দেখা গেছে, কিম ইল সুংয়ের জন্মদিন উপলক্ষে উত্তর কোরিয়ার ‘স্বনির্ভরতা আদর্শের’র বিষয়ে ওই সভা আয়োজিত হয়। কীভাবে উত্তর কোরিয়া নিজেরাই অর্থনৈতিক উন্নতি করছে, সে বিষয়ে ‘বাংলাদেশ ইন্সটিটিউট অব জুসে আইডিয়া’র সঙ্গে মতবিনিময় করেন দেশটির কর্মকর্তারা।

দক্ষিণ কোরিয়া আবার কিমের অসুস্থতার খবর মানতে নারাজ। দেশটি বলছে, রাষ্ট্রের ‘গোপন কাজ’ সমালাতে কিম মাঝেমাঝেই এমন ‘নিখোঁজ’ হয়ে যান। এটি উত্তর কোরিয়ার একটি কৌশল বলে দাবি তাদের।