মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা মহিলা লীগের এক নেত্রীর বেলজিয়াম ফেরত পুত্রবধূ করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার সকালে উপজেলা মহিলা লীগের সাবেক এ সভানেত্রীর পুত্রবধূর করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরলে শ্রীনগর উপজেলার বেঁজগাঁও গ্রামের বাড়ি থেকে স্বাস্থ্য বিভাগ স্বামী ও স্ত্রীর নমুনা সংগ্রহ করে। পরে বুধবার প্রবাস ফেরত ওই স্ত্রীর করোনা শনাক্ত হয়।
উপজেলার পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আলম মামুন জানান, স্ত্রীসহ তার খালাতো ভাই মাস দেড়েক আগে বেলজিয়াম থেকে দেশে ফিরেন। বেঁজগাঁও এলাকার গ্রামের বাড়িতে আসলে তাদের সর্দি-কাশি ও জ্বর দেখা দেয়। এর পরে তাদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে স্বামী-স্ত্রী উভয়ে ঢাকায় চলে যান। তবে বুধবার সকালে তার ভাইয়ের স্ত্রীর করোনা শনাক্ত হয়।