আইনমন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হকের জানাজার ছবি হিসেবে ফেইসবুকে ভাইরাল হওয়া ছবিটি ভুয়া বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।
সোমবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল হকের সহধর্মিণী ও বর্তমান আইনমন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হক ইন্তেকাল করেন।
আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনানীতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। করোনা পরিস্থিতির কারণে লোক সমাগম পরিহার করতে পারিবারিকভাবে অত্যন্ত সীমিত পরিসরে জানাজার আয়োজন করা হয়। ফলে মরহুমের নিকট আত্মীয়-স্বজন এবং আইনমন্ত্রীকে সমবেদনা জানাতে আসা অল্প কিছু ব্যক্তি সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। সামাজিক দূরত্বকে নিশ্চিত করার জন্য নির্দিষ্ট দূরত্ব পরপর লাল বৃত্ত তৈরি করে দেয়া হয়। অংশগ্রহণকারীরা ওই বৃত্তের মধ্যে অবস্থান করে জানাজা পড়েন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মরহুমা মুক্তিযোদ্ধা হওয়ায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। কিন্তু সেখানে কোনো শামিয়ানা ছিল না। কিন্তু অন্য কোনো জায়গার ব্যাপক জনসমাগমের জন্য আলোচিত একটি জানাজার ছবিকে আইনমন্ত্রীর মায়ের জানাজার ছবি হিসেবে ফেইসবুকে প্রচার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক।
ফেইসবুকে প্রচার করা ছবিটি যে মিথ্যা ও বিভ্রান্তিকর তার অন্যতম প্রমাণ হলো সেখানে গার্ড অব অনার প্রদানের স্থানে শামিয়ানা ছিল। জানাজার স্থানে কোনো লাল বৃত্ত ছিল না এবং সেখানে আইনমন্ত্রীর মায়ের জানাজায় অংশ নেওয়া কাউকে দেখা যাচ্ছে না। তা ছাড়া জানাজা অনুষ্ঠিত হওয়ার স্থানের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গেও মিল নেই।
এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হয় আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।