লকডাউন অমান্য

দুর্গাপুরে ষাঁড়ের লড়াই দেওয়ায় মেম্বারকে জরিমানা

লকডাউন অমান্য করে নেত্রকোনার দুর্গাপুরে ষাঁড়ের লড়াই দেওয়ায় এক ইউনিয়ন পরিষদের মেম্বারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম। এ সময় লড়াইয়ে অংশ নেওয়া একটি ষাঁড়ও জব্দ করা হয়।

জানা গেছে, করোনার প্রভাবে জেলাকে লকডাউন ঘোষণা করা হলেও তা অমান্য করে মঙ্গলবার বিকেলে ষাঁড়ের লড়াই আয়োজন করেন উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) রফিক মিয়া। শ্রীপুর গ্রামের ডেংবাড়ির সামনে খেলার মাঠে এ লড়াইকে কেন্দ্র করে শতাধিক মানুষ জড়ো হয়।