মুন্সীগঞ্জে করোনার থাবায় আদার দাম দ্বিগুণেরও বেশি

মুন্সীগঞ্জ শহর-শহরতলীর হাট-বাজারে করোনার থাবায় এক লাফে দ্বিগুণের বেশি বেড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আদার দাম। পাইকারি বাজারেই গতকাল বুধবার সকালে ৩৫০ টাকা দরে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে। আগে ১৫০ টাকা দরে পাওয়া যেত এক কেজি আদা। অথচ করোনা সংক্রমণে রাজধানীর কাছের এ জেলা শহরের বাজারগুলোতে আদার দাম হু-হু করে বাড়তে থাকে। কয়েক দিনের ব্যবধানেই দ্বিগুণের বেশি দামে আদা বিক্রির চিত্র মিলেছে।

শহরের প্রধান সড়কের গোপাল স্টোরের স্বত্বাধিকারী অপু সাহা জানান, বাজারে চীন ও ভারতের আদার আধিক্য বেশি। করোনার কারণে বাজারে চায়না আদার সরবরাহ শূন্যের কোঠায় এসে নেমেছে।

 এ অবস্থায় বাজারে ক্রেতাদের আদা কিনতে হচ্ছে দ্বিগুণ দাম দিয়ে। তিনি আরও জানান, পাইকারি বাজারেই প্রতি কেজি আদা কিনতে লাগছে ৩৫০ টাকা।

বাজারের ক্রেতা মঈনউদ্দিন সুমন জানান, করোনার ভয়াবহতার আগে কেজিপ্রতি দেড়শ টাকায় আদা কিনেছেন। কিন্তু বর্তমানে সেই আদা বিশেষ করে চায়না আদা কেজিতে ৩৫০ টাকা গুনতে হচ্ছে। ২-৩ দিন আগেও ৩০০ টাকায় এক কেজি আদা কেনা গেছে বলে জানান তিনি।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ বাজারের পাইকার আলেক চান জানান, করোনার কারণে চায়না আদার আমদানি নেই। তাছাড়া বাজারে ভারতের ও দেশি আদারও সরবরাহ তুলনামূলক অনেক কম। ক্রেতা সাধারণের চাহিদার তুলনায় আদার সরবরাহ কম। এসব কারণেই হাট-বাজারে আদার দাম বেড়েছে।