বেনাপোল স্থলবন্দরে কর্মরত এক নারী স্বাস্থ্যকর্মী (৩৭) করোনা আক্রান্ত হয়েছেন। তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। বর্তমানে উপজেলার লক্ষণপুর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। গতকাল বুধবার দুপুরে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন এসব তথ্য জানান।
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী জানান, সিভিল সার্জনের মাধ্যমে ওই নারী স্বাস্থ্য সহকারীর নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের খবর পেয়েছেন। ওই স্বাস্থ্যকর্মী গত কয়েক দিনে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাকারী দলের সঙ্গে দায়িত্ব পালনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে টিকিট বিক্রির কাজ করেছেন। জ্বর ও কাশির কারণে ২০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সিভিল সার্জনের দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পাঠানো হয়। ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি উপজেলার কামারবাড়ী ঋষিপাড়ায়।
এদিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন নাহার জানান, গত মঙ্গলবার চারজনের নমুনা সংগ্রহ করে যবিপ্রবির পরীক্ষাগারে পাঠানো হয়। বুধবার এক কিশোর (১৪) ও এক নারীর রিপোর্ট পজিটিভ আসে। কিশোরটি ডায়রিয়া ও জ্বর এবং নারী গলাব্যথাসহ জ্বরে ভুগছিলেন। এছাড়াও সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার এক যুবক (২৪) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান সিভিল সার্জন। তিনি বলেন, যে চারজন শনাক্ত হয়েছেন তারা নিজ নিজ বাড়িতে রয়েছেন। শনাক্তদের নিজ বাড়িসহ আশপাশ এলাকা লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।