মাগুরায় প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে করোনা

মাগুরায় গতকাল বুধবার প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে। ৩০ বছর বয়সী পোশাককর্মী গাজীপুর থেকে ৬ দিন আগে মাগুরায় এসেছেন। আক্রান্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি তার সঙ্গে গাজীপুর থেকে আসা ওই পরিবারের অপর তিন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ব্যক্তির শরীরে উল্লেখযোগ্য কোনো উপসর্গ নেই। এদিকে করোনা শনাক্ত হওয়ায় ওই গ্রামকে বুধবার দুপুরে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এ ছাড়া গোটা পরিবারকে ১৪ দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার সব ব্যবস্থা প্রশাসনিকভাবে নেওয়া হচ্ছে।