জয়পুরহাট সদর উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একরামুল হোসেন আরিফ (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। র্যাব বলছে, গতকাল বুধবার ভোররাতে উপজেলার উত্তর শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে। পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আজিজ মণ্ডলের ছেলে আরিফ মাদকসহ ১৮ মামলার আসামি।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামের তোকা শ্মশান ঘাট এলাকায় মাদক উদ্ধারে গেলে মাদক কারবারিরা র্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি চালান। একপর্যায়ে সবাই পালিয়ে গেলে মাদক কারবারি আরিফকে গুলিবিদ্ধ অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে দুই র্যাব সদস্য আহত হয়েছেন জানিয়ে এ র ্যাব কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি, দুই রাউন্ড খালি খোসা, একটি ম্যাগাজিন, ৫৫০ বোতল ফেনসিডিল, ৪৭৫ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আরিফের নামে সদর ও পাঁচবিবি থানায় মাদক, অস্ত্র, পুলিশ অ্যাসল্টসহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে।