যুক্তরাষ্ট্রে দুই পোষা বিড়াল করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে দুইটি পোষা বিড়াল নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ প্রথম কোনো পোষা প্রাণী ভাইরাসটিতে আক্রান্ত হলো।

টাইমস অব ইন্ডিয়া জানায়, আক্রান্ত দুই বিড়ালই নিউইয়র্ক অঙ্গরাজ্যের। তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলেও তারা সুস্থ হওয়ার পথে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এবং ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ধারণা করছে, মানুষ থেকে বিড়াল দুইটি করোনায় আক্রান্ত হয়েছে।

এর আগে ব্রনক্স চিড়িয়াখানায় বেশ কিছু বাঘ ও সিংহ করোনায় আক্রান্ত হয়েছিল। তবে মানুষের সান্নিধ্যে থাকা কোনো প্রাণীর দেহে এই প্রথম করোনা ধরা পড়ল।

তবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। বিড়ালের শরীর থেকে মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন না তারা। তাদের মতে, প্রাণী থেকে মানুষ আক্রান্ত হওয়ার এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে হংকংয়ে দুইটি কুকুরের মধ্যে প্রথম করোনা ধরা পড়েছিল।

প্রসঙ্গত, প্রাণঘাতী কভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার রাত পর্যন্ত দেশটিতে নতুন মারা গেছে এক হাজার ৭৩৮ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৪৬ হাজার ৬৮৮ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪০ হাজার ৮৯৭ জন।