করোনায় ইউরোপের কেয়ার হোমে ‘অকল্পনীয় ট্র্যাজেডি’

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯)  ইউরোপে যাদের মৃত্যু হচ্ছে, তাদের প্রায় অর্ধেকই বিভিন্ন কেয়ার হোমে দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এই পরিস্থিতিকে ‘অকল্পনীয় মানব ট্র্যাজেডি’র সঙ্গে তুলনা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক ড. হান্স ক্লুজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, ‘দীর্ঘকালীন কেয়ার হোমগুলোর অবস্থা উদ্বেগজনক। এটি অকল্পনীয় মানব ট্রাজেডি।’

‘ইউরোপীয় অঞ্চলের পরিসংখ্যান অনুসারে কভিড-১৯-এ মৃতদের অর্ধেক মানুষ ছিলেন বয়স্কদের কেয়ার হোমে। নিদারুণ অবহেলায় তাদের মৃত্যু হয়েছে। প্রায়ই এসব কেন্দ্রে কর্মীদের সংখ্যা কম।’

স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান জানান, বেশ কয়েকটি ইউরোপীয় দেশে করোনার বিস্তার স্থিতিশীল হচ্ছে বা কমছে। তবে মহামারির অবসান এখনও অনেক দূরে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৪৩ জনের। এর মধ্যে ইউরোপেই শুধু প্রাণহানির সংখ্যা ১ লাখ ১৩ হাজারের বেশি।