সালমানের বাবা সেলিম খানের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ

লকডাউনের মধ্যে হাঁটতে বেরিয়ে নিয়ম ভেঙেছেন সালমান খানের বাবা সেলিম খান। অভিযোগ উঠেছে, লকডাউনে গ্যালাক্সি থেকে ব্যান্দ্রা পর্যন্ত হাঁটতে গিয়ে সরকারি নিয়ম ভেঙেছেন সেলিম খান।

অভিযোগ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজকে সেলিম খান বলেন, এটা কোনো আন্তর্জাতিক বিষয় নয় যে এভাবে তেড়েফুঁড়ে আলোচনা করতে হবে। সরকারি পাস থাকা সত্ত্বেও, বিতর্ক শুরু হওয়ার পর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন বলে জানান সেলিম খান। পাশাপাশি তিনি আরও জানান, বাড়িতে বসেই তিনি দেখতে পান, অনেকে পোষ্যদের নিয়ে বাইরে বের হচ্ছেন। হাঁটতে বেরোচ্ছেন। অথচ চিকিৎসকের নির্দেশ মতো সরকারি পাস নিয়ে হাঁটতে বেরোনোর পরও তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেন এগুলো করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন সালমানের ৮৪ বছর বয়সী বাবা।

প্রসঙ্গত, বর্তমানে ব্যান্দ্রার অ্যাপার্টমেন্টে পরিবার ছাড়া একাই রয়েছেন সেলিম খান। সালমান পরিবারকে নিয়ে আটকে রয়েছেন পানভেলের বাগান বাড়িতে। সম্প্রতি পানভেলের বাগান বাড়ি থেকে একটি ভিডিও শ্যুট করে এমন বার্তাই দেন সালমান। পাশাপাশি তিনি আরও জানান, প্রত্যেকে লকডাউন মানুন। লকডাউন ভেঙে যাতে কেউ বাড়ির বাইরে না বের হন, সে বিষয়ে আর্জি জানান বলিউড ভাইজান।