অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে করোনাভাইরাসের কারণে এরই মধ্যে আসর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে মার্চের শেষ দিকে ভারতের আইপিএল শুরু হওয়া কথা থাকলেও তা দুই দফা পিছিয়ে গেছে। কবে এই আর শুরু করা যাবে সেটিও নিশ্চিত নয়।
এমন পরিস্থিতি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলছেন, বিশ্বকাপ পিছিয়ে দিয়ে সেই সময়ে আইপিএল আয়োজন করা হোক।
ম্যাককালাম আসলে নির্ধারিত সূচিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কোনো সম্ভাবনা দেখছেন না। তাই সেই সময়ে আইপিএল আয়োজন করাটাই ভালো মনে করছেন।
স্কাই স্পোর্টসকে কিউই তারকা বলেন, ‘১৬টা দল, তাদের সাপোর্ট স্টাফকে নিয়ে আসা, সম্প্রচার সংস্থার বন্দোবস্ত করা। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষে সম্ভব নয়। ফাঁকা স্টেডিয়ামে তো খেলা নয়ই।’
বিশ্বকাপ হতে হলে সেটা দর্শক ভরা গ্যালারিতেই হতে হবে বলে মনে করেন ম্যাককালাম। আইপিএল দর্শকশূন্য গ্যালারিতেও হতে পারে। তাই অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজনে মত কলকাতা নাইট রাইডার্স কোচের।
ম্যাককালাম বলেন, ‘আমার মনে হয় আইপিএল অক্টোবর উইন্ডোতে আয়োজন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া উচিত। ভারত শূন্য গ্যালারিতে আইপিএল দিয়েও আর্থিকভাবে সফল হবে। কারণ সবাই এর অপেক্ষায় থাকবে।’