ত্রাণের চাল আত্মসাৎ

নড়াইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে নড়াইলের নড়াগাতীর জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশনের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে একই কার্যালয়ে মামলাটি করেন। দুদকের জনসংযোগ শাখার পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মামলার আসামিরা হলেন নড়াইলের নড়াগাতী থানার ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দীন চৌধুরী এবং একই ইউপির সচিব শেখ মো. মহিদুল ইসলাম। এজাহারে বলা হয়েছে, তারা পরস্পর যোগসাজশে করোনার প্রাদুর্ভাবে কর্মহীনদের সহায়তা দেওয়ার জন্য সরকারের জিআর কর্মসূচির আওতায় দেওয়া চাল বিতরণ না করে ভুয়া মাস্টাররোল দাখিল করেন। এর মাধ্যমে তারা সরকারি ত্রাণের ২৮০ কেজি চাল আত্মসাৎ করেন। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ নিয়ে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে মোট আটটি মামলা করল দুদক।