করোনা আক্রান্ত হয়ে ইউরোপে মৃতদের মধ্যে প্রায় অর্ধেক কেয়ার হোমের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ইউরোপ প্রধান এ তথ্য প্রকাশ করেন বলেন জানিয়েছে বিবিসি।
করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত ইউরোপ মহাদেশে প্রাণহানির সংখ্যা ১ লাখ ১৩ হাজার ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের দুই-তৃতীয়াংশই ইউরোপের। ড. হান্স ক্লুজ বলেন, করোনায় আক্রান্তদের দীর্ঘমেয়াদি চিকিৎসার ক্ষেত্রে এই পরিস্থিতি ভয়াবহ উদ্বেগজনক। পরিসংখ্যান অনুসারে কভিড-১৯-এ মৃতদের অর্ধেক মানুষ ছিলেন বয়স্কদের কেয়ার হোমে। এটি অকল্পনীয় মানব ট্র্যাজেডি। তিনি বলেন, এসব কেয়ার হোমে যত্নের বিষয়টি নিদারুণ অবহেলা করা হয়েছে। প্রায়ই এসব কেন্দ্রে কর্মীদের সংখ্যা কম থাকে এবং প্রাপ্য মজুরি পান না।