মোহনগঞ্জ-বারহাট্টা উপজেলা

করোনায় মৃতের দাফনে ১০ স্বেচ্ছাসেবী

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের জানাজা ও দাফনে পরিবারের লোকজনসহ অনেকেই এগিয়ে আসেন না। ঠিক এমন সময়ে আলেম ও শিক্ষার্থীদের সমন্বয়ে তাকওয়া ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী দল এ কাজে এগিয়ে এসেছে।

করোনা মহামারীতে ‘মানবতার কল্যাণে আমরা’ প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার ১০ স্বেচ্ছাসেবীর সমন্বয়ে ‘তাকওয়া ফাউন্ডেশন’। এদিকে আলেম ও শিক্ষার্থীদের নিয়ে গড়া এসব তরুণ স্বেচ্ছাসেবীর খবর পেয়ে মোহনগঞ্জ-বারহাট্টা উপজেলার প্রশাসন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

গত বুধবার বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার আলোকদিয়া দারুল উলুম মাদ্রাসার একটি কক্ষে তাকওয়া ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে হাফেজ মাওলানা ইলিয়াস আহম্মেদকে জিম্মাদার করে ১০ জন স্বেচ্ছাসেবী এ সংগঠনে যুক্ত হন।

স্বেচ্ছাসেবীরা হলেন বারহাট্টা উপজেলার হাফেজ মাওলানা ইলিয়াস আহম্মেদ, মুফতি জিয়াউর রহমান, কারি সা’দ হাসান ও শিক্ষার্থী আরমান হুসাইন বাক্কী। আর মোহনগঞ্জ উপজেলার হাফেজ নাজিম উদ্দিন, মাওলানা শুয়াইব বিন মুজিব, মুফতি নুরুজ্জামান, হাফেজ আবদুল কাদির, হাফেজ ইলিয়াস জনি ও  মো. মাসুদ রানা।

হাফেজ মাওলানা ইলিয়াস আহম্মেদ বলেন, ‘মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যদি কেউ ইন্তেকাল করেন, তখন খবর দিলে আমরা জানাজা ও দাফনকার্য সম্পন্নে ব্যবস্থা করব, ইনশা আল্লাহ।’

এ ব্যাপারে মোহনগঞ্জ ইউএনও আরিফুজ্জামান বলেন, তাকওয়া ফাউন্ডেশনের একটি দল বৃহস্পতিবার সকালে সাক্ষাৎ করেছে। তারা স্বেচ্ছায় করোনায় মৃতের জানাজা ও দাফনের কাজটি করতে আগ্রহ দেখিয়েছে। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি তাদের সাহায্য নেওয়া হবে বলে তিনি জানান।