করোনা মোকাবিলায় ৪৮৪ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। কভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে কংগ্রেস এ নিয়ে আর্থিক সহায়তার চারটি বিলটি পাস করল মার্কিন পার্লামেন্ট।
আলজাজিরা জানায়, বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষে ৩৮৮-৫ ভোটে এই রিলিফ প্যাকেজটি পাস করেন মার্কিন আইনপ্রণেতারা। করোনা রোধে হাসপাতাল এবং করোনা টেস্টে এই সহায়তা দেয়া হবে। অর্থনৈতিক ধাক্কা সামলাতে ক্ষুদ্র ব্যবসাকেও রাখা হয়েছে এই প্যাকেজে।
মঙ্গলবার হোয়াইট হাউসের সঙ্গে নানা সমঝোতার মাধ্যমে উচ্চকক্ষ সিনেটে এই বিলটি পাস হয়। এখন এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় আছে। ধারণা করা হচ্ছে জরুরি ভিত্তিতে এই বিলে স্বাক্ষর করবেন তিনি।
অর্থনীতি সচল না হওয়া পর্যন্ত ক্ষুদ্র ব্যবসাকে টিকিয়ে রাখতে কর্মীদের বেতন বাবদ এই প্যাকেজ থেকে ৩২০ বিলিয়ন ডলার খরচ করা হবে।
এর মধ্যে ২ কোটি ৬০ লাখেরও বেশি মার্কিন নাগরিক চাকরি হারিয়েছেন। কর্মহীন হয়ে পড়া থেকে নাগরিকদের বাঁচাতে ৫০০ এরও কম কর্মচারী নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে এই প্যাকেজটি সাজানো হয়েছে।
এর আগে মার্চে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৩৫০ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছিল কংগ্রেস। কিন্তু সংকট মোকাবিলায় সেটি পর্যাপ্ত ছিল না।
এই বিলের ৭৫ বিলিয়ন বরাদ্দ পাবে হাসপাতালগুলো। ৬০ বিলিয়ন ডলার রাখা হয়েছে বিপর্যস্ত অর্থনীতিকে সহায়তায় এবং অঙ্গরাজ্যগুলোর জন্য ১১ বিলিয়ন।
এদিকে হঠাৎ করে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা আবার বেড়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিকে কভিড-১৯ এ মারা গেছে ৩ হাজার ১৭৬ জন।
ফলে মৃত ও আক্রান্তের তালিকায় আগেই শীর্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৫৯ জন। নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ২৭ হাজার। মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৬ হাজার ৬০০ ছাড়িয়েছে।